
করোনাভাইরাসের সংক্রমণরোধে সাত জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। মঙ্গলবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। এরই মধ্যে লকডাউন ঘোষিত জেলাগুলোতে প্রবেশ ও বের হওয়ায় মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন। সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমেছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা লকডাউন পরিস্থিতি মনিটরিং করছেন।
করোনার সংক্রমণ রোধে মঙ্গলবার সকাল ৬টা থেকে নারায়নগঞ্জসহ ঢাকা বিভাগের ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক রুটে যাতে কোনও গণপরিবহন নারায়ণগঞ্জ দিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সে জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি চেকপোস্ট। নগরীতে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল।
গাজীপুরে সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। সড়কে সাধারণ যানবাহন চলাচল ছিল কম। লকডাউন প্রক্রিয়ার অংশ হিসেবে গাজীপুর থেকে পণ্যবাহী যান, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনুমোদিত যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে জেলার অভ্যন্তরের কোনও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ছাড়া ফেরিযোগে কোনও যানবাহন পারাপার হচ্ছে না। পাশাপাশি সকাল থেকে এই দুটি নৌ রুটে কোনও যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোটও চলাচল করছে না।
মুন্সীগঞ্জেও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নের অংশ হিসেবে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধ করা হয়েছে দোকানপাট ও বিপণিবিতানগুলো। শুধু জরুরি পরিষেবা চালু আছে।
গোপালগঞ্জে লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন মাঠে তৎপর রয়েছে। সকাল থেকে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কম দেখা গেছে।
করোনা সংক্রমণরোধে মাদারীপুর জেলাকে রাজধানী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। রাজধানীর সঙ্গে জেলা শহরের সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। লকডাউন কাযকরে কাজ করছে আইনশৃঙ্লখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তবে করোনা সংক্রমণরোধে কঠোর লকডাউনের কথা বলা হলেও রাজবাড়ীতে তা অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে বলে অভিযোগ উঠেছে। শহরের বিভিন্ন স্থানে খাবার হোটেল ও মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রতিষ্ঠান খোলা রয়েছে।
বাংলাটিভি/ এআর



