যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে বাংলাদেশের মানুষ সক্ষম: প্রধানমন্ত্রী

যতো প্রাকৃতিক দুর্যোগই আসুক, বাংলাদেশের মানুষ তা মোকাবেলা করতে সক্ষম, দুর্যোগ মোকেবেলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বের যেকোন দুর্যোগপ্রবণ এলাকালর জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। একনেক সভায় আজ ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
সকাল গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা এতে অংশ নেন।
বৈঠকে শুরুতে মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকাশিত ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখানো পথ ধরেই বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত।
শেখ হাসিনা আরও বলেন, সরকারের কার্যকর পদক্ষেপে মহামারীর মধ্যেও বাংলাদেশ পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে।
এদিকে, একনেক সভায় আজ ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
বাংলাটিভি/এআর



