
ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে সুনামগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে, মুগদা থানা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৫ সদস্যকে থেকে আটক করা হয়।
কার ফেসবুক একাউন্ট হ্যাক করা হবে তা বাছাই করতে বিভিন্ন গ্রুপ থেকে বাছাই করা হয় ফেসবুক একাউন্ট। তারপর ভিন্ন আরেকটি আইডি থেকে ম্যাসেঞ্জারে পাঠানো হয় ক্ষুদে বার্তা। চাওয়া হয় বিভিন্ন প্রতিযোগিতার নামে ভোট। পাঠানো হয় লিংক। আর এ লিংকে প্রবেশ করলেই ফেসবুক একাউন্ট হাত ছাড়া হয়ে যায় মূল ব্যাক্তির। এমন অভিনব কায়দায় নারীদের টার্গেট করে দীর্ঘ দিন ধরে প্রতারনা করে আসছিল ২০ বছর বয়সী মোঃ মামুন মিয়া।
গেল সোমবার সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রো পলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এ সময়, ফেসবুক ব্যবহারে সবাইকে সতর্ক হবার পরামর্শ দেয়া হয়।
এদিকে, মঙ্গলবার মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া বিভিন্ন অনলাইন গেমের নামে কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে গ্যাং সদস্যরা উৎসাহ দিয়ে আসছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাটিভি/ এস



