বাংলাদেশসরকার

নিরাপত্তা বাহিনীর হেফাজতে নিষ্ঠুর আচরণ মানবাধিকার সংগঠনের অভিযোগ ভিত্তিহীন: কাদের

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয় বলে, হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগকে অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ।

কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিভিন্ন সময়ে ঢালাওভাবে গুমের অভিযোগের বিষয়ে কাদের বলেন, পরবর্তীতে এসব মিথ্যা প্রমাণিত হয়, যা অতি সম্প্রতি দেখা গেছে। আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্টের সময়ে বাধা দিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর সরাসরি হামলার ছবিও দেখা যায়, দেখা যায় থানা আক্রমণসহ আগুন দেওয়ার ঘটনা। সরকারি অফিসে হামলা চালিয়ে নথিপত্রে আগুন দেওয়ার ঘটনাও দেখা যায় ৷ এসব ঘটনা মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য বিবৃতিতে কিছুই বলে না। আগুন সন্ত্রাসের শিকার হয়ে জীবন্ত মানুষ যখন দগ্ধ হয় তখন মানবাধিকার সংগঠনগুলো কোথায় থাকে?

তিনি বলেন, হেফাজতে কোনো অপরাধমূলক কাজ হলে নিজস্ব আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনার নজির রয়েছে এবং কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা সরকার জনমনে শান্তি ও স্বস্তি বিধানে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন৷ সামাজিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি নাগরিক অধিকার সুরক্ষা সরকারের অগ্রাধিকার। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করে আসছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই সাম্প্রতিককালে আলোড়ন সৃষ্টিকারি ফেনীর নুসরাত, বরগুনার রিফাত শরিফ, কক্সবাজারে মেজর সিনহাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং নারীর প্রতি অমর্যাদাকর প্রতিটি ঘটনায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। সব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হয় নাই।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button