বাংলাদেশসরকার

১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে কঠোর অবস্থানে সরকার

আগামী পহেলা জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে সরকার কঠোর অবস্থানে থাকবে, বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে, দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, এই কঠোর লকডাউন চলাকালীন সময়ে থাকবে না কোনোরকম মুভমেন্ট পাস; জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না।

এই সময়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী এবং বিজিবি। দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।  এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে আগামীকাল।

চলতি বছরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিল মাসে লকডাউনে ‘মুভমেন্ট পাস’ চালু করেছিল পুলিশ। তবে, অনেকেই ‘মুভমেন্ট পাস’ নিয়ে বের হয়েছিল। এতে ঝুঁকিও বেড়ে যায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার মুভমেন্ট পাস থাকবে না। কেউ বের হতে পারবে না, পরিষ্কার কথা। যারা ইমারজেন্সি তারা সবসময় বের হতে পারবেন।

মুভমেন্ট পাস না থাকলে বিশেষ প্রয়োজনে কেউ কীভাবে বের হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরেন দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সেসময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে বের হতে পারবেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button