
দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে। মৃত ১০৪ জনের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৩৬ জন।
সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।
বাংলাটিভি/এস



