
কাল থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের খবরে শেষ মুহুর্তে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। প্রাইভেটকার-মাইক্রোবাস,পিকআপ এমনকি ট্রাকে করেও বাড়ির পথে রওনা হচ্ছেন এসব কর্মজীবীরা। বিধিনিষেধে কর্মহীন থাকার আশংকায় ঢাকা ছাড়ছেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে,কোন ধরনের যাত্রীবাহী পরিবহণকে ঢাকা ছেড়ে যেতে দেয়া হচ্ছে না। এদিকে, রাজশাহী,খুলনা ও চট্টগ্রামে ৪৯ জনের মৃত্যু রয়েছে।
করোনা সংক্রমণ রোধে কাল থেকে জনসাধারণ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাসহ সারাদেশে আরো সাতদিনের কঠোর লকডাউন জারি করেছে সরকারের। এ সময় বন্ধ থাকবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এমন ঘোষণায় শেষ মুহুর্তে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় পিকআপ,সিএনজি,অটোরিক্সা,এম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে করে ছুটছেন আপন গন্তব্যে। এক্ষেত্রে আগের চেয়ে আট থেকে দশগুন ভাড়া বেশী গুনতে হচ্ছে। অনেকে আবার পায়ে হেঁটেও যাত্রা করছেন গন্তব্যে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে,লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছেন তারা।
লকডাউন উপেক্ষা করে আজও রাজধানী ছাড়ছে দক্ষিনবঙ্গগামী মানুষ। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিগুলোতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই।
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী,খুলনা ও চট্টগ্রাম বিভাগে করোনায় ৪৯জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২৭জন। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস



