
সারাদেশেও কঠোর লকডাউনে মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। জেলায় জেলায় এখনো বেশ প্রকোপ করোনাভাইরাসের। রাজশাহী-খুলনা অঞ্চলে গত ২৪ ঘন্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে একদিনে মারা গেছেন ১৪ জন।
সংক্রমণ ঠেকাতে সারাদেশেই কঠোর লকডাউনে বন্ধ রয়েছে প্রায় সবকিছুই। বিভিন্ন চেকপোস্ট তৎপর আইনশৃংখলা বাহিনী। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নেই তেমন একটা। এছাড়া নেই ফেরি পারাপারেরও চিরচেনা ব্যস্ততা। এদিকে, রাজশাহী অঞ্চলে কমছে না করোনা আক্রান্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে আরো ৭৬ জন। কোভিড রোগির চাপ সামলাতে সেখানে এখন হিমসিম অবস্থা।

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ২৭ জন করোনারোগির মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, খুলনায় ৯ জন, বাগেরহাট ১, যশোরে ২, নড়াইলে ১, ঝিনাইদহে ৩, কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৩ এবং মেহেরপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পজিটিভ ৭ ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানকার করোনা ইউনিটে মোট ২৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



