বিশ্ববাংলা

সার্ভার জটিলতা কাটিয়ে চলছে প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম

সার্ভার জটিলতা কাটিয়ে অবশেষে পুরো দমে চলছে প্রবাসীদের জন্য করোনার টিকা নিবন্ধন কার্যক্রম। এই কার্যক্রমে প্রথমদিকে অগ্রাধিকার পাচ্ছেন কুয়েত ও সৌদি প্রবাসীরা। কাজটি শুরু হওয়ায় অনেকটা স্বস্তি বিরাজ করছে প্রবাসীদের মধ্যে। তবে সার্ভারকে সক্রিয় রেখে দ্রুত সময়ের মধ্যে সবাইকে করোনা টিকা দ্রুত দেয়ার দাবি এসব রেমিটেন্স যোদ্ধাদের।

সার্ভার সমস্যার কারণে করোনা টিকার নিবন্ধন কার্যক্রমে জটিলতা দেখা দেয়ায় বিদেশগামী যাত্রীদের মাঝে দেখা দিয়েছিল এক প্রকার উদ্বেগ আর উৎকণ্ঠা।  সব সমস্যা কাটিয়ে শনিবার থেকে আবারো শুরু হয়েছে এই নিবন্ধন কার্যক্রম। তবে যেসব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের প্রাথমিক রেজিস্ট্রেশন করা হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে, এতে একজনের ব্যয় হচ্ছে ২০৫ টাকা।  আর যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের রেজিস্ট্রেশন লাগছে না।  “আমি প্রবাসী” অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারছেন সবাই।

সার্ভার বা অ্যাপের মাধ্যমে কিভাবে নিবন্ধন করতে হয় সে বিষয়ে প্রবাসীদের অনেকেরই মাঝেই নেই সঠিক ধারণা,আর এই সমস্যা নিয়ে অনেকে ভিড় করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে।

নিবন্ধন সময় মত হলেও যাতে করে টিকা প্রাপ্তিতে কোন প্রকার সমস্যার সৃষ্টি না হয় সে দিকে লক্ষ রাখতে সরকারের প্রতি আহবান এই রেমিটেন্স যোদ্ধাদের।

এই মুহূর্তে সৌদি আরব এবং কুয়েতগামীদের প্রাধান্য দেয়া হলেও এর পরপরই অন্যান্য দেশে যারা থাকেন তাদের জন্য কার্যক্রম শুরু হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button