বিএনপি দেশের মানুষের স্বাস্থ্যের চিন্তা না করে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্যস্ত: তথ্যমন্ত্রী

দেশের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা না করে বিএনপি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে,সরকারের সমালোচনায় মুখর বিএনপি ও এনজিও ব্যক্তিত্বদের করোনার এই সময়ে আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলাসহ করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, করোনায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি মহামারির প্রথম দিকে ফটোসেশন করেছে, এখন দ্বিতীয় ঢেউয়ে দুরবীণ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অনেক এনজিও দশজনকে কিছু দিয়ে ছবি তুলে সবাইকে দেখায়, বিদেশে বিভিন্ন দাতা সংস্থার কাছেও পাঠায়। আর তাদের কেউ কেউ টকশোতে সরকারের সমালোচনাই করে। বিএনপি এবং এই সমস্ত সংগঠন যারা করোনার আগে এবং করোনাকালে সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের কাউকে এখন আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের সমালোচনা বন্ধ হয়নি।
মানুষের কল্যাণ আওয়ামী লীগের রাজনীতির ব্রত উল্লেখ করে ড. মাহমুদ বলেন, জনগণের পাশে থাকতে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচজন নেতা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, বেশিরভাগ সদস্যই আক্রান্ত হয়েছেন, অনেকে একাধিকবার। সারাদেশে প্রায় ১ হাজার নেতাকর্মী করোনায় মারা গেছেন, এরপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন
বাংলাটিভি/এস



