
কঠোর লকডাউনের মধ্যেও রাজধানীর সড়কে দাপিয়ে বেড়িয়েছে ব্যক্তিগত গাড়ি। নিষেধাজ্ঞা অমান্য করেই চলাচল বেড়েছে সাধারণ মানুষের, খোলা হচ্ছে দোকানপাটও। দিনভরই তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অকারণে বাইরে থাকায় অনেককে আটক-জরিমানাও করা হয়েছে। এদিকে, বিধিনিষেধ উপেক্ষা করে দোকানপাট খোলা রাখলে,ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
করোনা সংক্রমণরোধে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে, অন্যান্য দিনের মতো সকাল থেকেই মাঠে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তবে আজ আবহওয়া ভালো থাকায় বেড়েছে মানুষের চলাচল।
রাজধানীর উত্তরা, বনানী, বিজয় সরনী মোড়, ফার্মগেট, বাংলামোটর এলাকায় সড়কে প্রাইভেটকারের বেশ চাপ ছিলো। মানুষের চলাচল ঠেকাতে নগরীরর মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট চলে জিজ্ঞাসাবাদ। কারণ ছাড়া বাইরে বের হওয়ায় অনেককেই, আটকসহ জরিমানাও করা হয়। টানা কয়েকদিন গৃহবন্দী থাকার পর কাজের সন্ধানে বের হন নিম্নআয়ের মানুষ।
বিধি-নিষেধ উপেক্ষা করে দোকানপাট খোলা রাখলে, ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। চলমান লকডাউনের কর্মহীনদের বাসার ত্রাণ পৌঁছানোর আশ্বাস দেন তিনি।অন্যদিকে, রাজধানীর পলাশী এলাকায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশেষ টহলে নামে মেট্রোপলিটন পুলিশ।
বাংলা টিভি/এস



