প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় ভ্যাকসিন সংগ্রহে সফল হবে বাংলাদেশ: কাদের

প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের জন্যই প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগনের প্রতি শেখ হাসিনা সরকারের ডিপ এন্ড এবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন বলেও তিনি জানিয়েছেন। সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ইতিমধ্যেই দেশে এসেছে প্রায় ৪৫ লাখ ডোজ ভ্যাকসিন,সময়মত আরো ভ্যাকসিন আসবে।
তিনি বলেন প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ।দেশে অক্সিজেন নিয়ে কোন সংকট নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে তবে যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন ।
সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতা রোধে ঘরে ঘরে সচেতনতার দূর্গ গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন জীবনের প্রয়োজনে, বেঁচে থাকার জন্য হলেও আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।
সদ্য শেষ হওয়া জাতীয় সংসদের তেরতম অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে বিএনপির সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির এই সমালোচনা বরাবরের মতো দীপ্যমান সত্যকে অস্বীকার করার কসরত মাত্র।
তিনি বলেন, বিএনপি ঢালাওভাবে মন্তব্য করলেও সংসদ নেতার কোন বক্তব্যটি অসত্য তা স্পষ্টভাবে বলতে পারেনি, প্রকৃতপক্ষে সংসদ নেতার ভাষণ ছিলো ইতিহাসের কঠিন সত্যপাঠ।
যারা মিথ্যার উপর আশ্রয় নিয়ে ও মিথ্যায় ভর করে রাজনীতি করে, সত্য -প্রকাশিত হলে বিএনপির গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র, হত্যা আর অগণতান্ত্রীক পথে চালনাকারি বিএনপি কখনো সত্য মেনে নিতে পারে না মনে করে ওবায়দুল কাদের বলেন সত্য ও সঠিক ইতিহাস তুলে ধরলে ইতিহাস বিকৃতির জনকদের মর্মজ্বালা বেড়ে যাওয়াই স্বাভাবিক।
বিএনপির নির্বাচনের নামে প্রহসন, দেশবিরোধী ষড়যন্ত্র, অনিয়ম আর দুর্নীতির মাত্রাহীন নিমজ্জ্বন এদেশে রেকর্ড হয়ে থাকবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতারা ভুলে গেছেন বেগম জিয়া একজন দন্ডিত আসামি, মাসের পর মাস অযথা সময় ক্ষেপন করে বিএনপিইতো বেগম জিয়ার মামলার বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছে।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মামলা, কারামুক্তি এবং চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা একধরনের রহস্যময় খেলা খেলছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বেগম জিয়ার বিষয়ে বলেন দায় কেন সরকার নিবে? বেগম জিয়াকে আপনারা নিজ নিজ পদরক্ষার জন্য দাবার গুটি বানাবেন আর দায় নিবে সরকার! তা হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়ার বিষয়ে অধিকতর মানবিক আচরণ করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাঁর বয়স ও স্বাস্থ্য বিবেচনায় সাজা স্থগিত করে তাঁকে ঘরে অবস্থান করে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী,তাই শেখ হাসিনার ঔদার্য্যের প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত।
বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে, বিএনপি নেতাদের এ ধরনের কল্পিত অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন বিএনপি ভালো করেই জানেন এ মামলা শেখ হাসিনা সরকার করেনি, তত্ত্বাবধায়ক সরকারের করা এই মামলা।
তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কোন বিষয় নয় এখানে।আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয় বরং বিএনপিই এদেশে প্রতিহিংসার রাজনীতির পথপ্রদর্শক। কাদের আরো বলেন,দরজা বন্ধ করে গুটিয়ে ছিলেন দেয়ালের আড়ালে,পর্দার আড়ালের রাজনীতিই আপনাদের পছন্দের।
বাংলাটিভি/এস



