
ঈদুল আযহা উপলক্ষে সরকার বিধি-নিষেধ শিথিল করায় ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। লকডাউন শিথিল করায় রেল স্টেশন, লঞ্চসহ বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই ছিলো যাত্রীদের ভীড়।
রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় যাত্রীবাহি ট্রেন। কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে ট্রেনগুলো। ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন যাত্রীরা।
সকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কমলাপুর স্টেশনে যান রেলমন্ত্রী। এসময় মানসম্মত সেবার মাধ্যমে রেলভ্রমণে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার উপরও জোর দেন তিনি।
এদিকে দুরপাল্লার বাস ধরতে রাজধানীর টার্মিনাল গুলোতেও ছিলো বেশ ভিড়। বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক দূরত্ব রক্ষার যেন কোন বালাই নেই। এছাড়া নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ারও অভিযোগ করেন যাত্রীরা।
অন্যদিকে নগরীর সড়কেও দিনভর ছিলো গণপরিবহন। কর্মস্থলসহ নিত্যপ্রয়োজনে বিভিন্ন গন্তব্য যাতায়াত করেন নগরবাসী। অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলে বাসগুলো।



