
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৯ জনের।যেখানে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।
আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬৯ জন। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২০৪ জনের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী একজন। ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৫ জন ও মহিলা ৭৯ জন। যাদের মধ্যে বাসায় ২ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।
একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন মারা গেছেন।
বাংলাটিভি/ এস



