
ফরিদপুরের জলাধারে আটকে পড়া কুমির ১০ দিনেও উদ্ধার করতে পারেনি বন অধিদপ্তরের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গত দুই দিন অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে গেছে, উদ্ধারকারী টিম। কুমির আতঙ্কে রয়েছেন চরাঞ্চলের হাজারো মানুষ।
একটি কুমিরের ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সালাম খাঁর ডাঙ্গী গ্রামের মানুষ। ওই গ্রামের একটি জলাধারে, গত ২৪ জুলাই কুমিরটি দেখতে পান হজরত নামের এক ব্যক্তি। এরপর ওই এলাকায় মাইকিং করে সর্ব সাধারণকে ওই জলাশয়ে না নামার পরামর্শ দেয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কুমির উদ্ধারের বিষয়ে স্থানীয় বন বিভাগ কর্মকর্তাদের জানালে গত ২৮ ও ৩০ জুলাই বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা জোনের ১২সদস্যের একটি দল স্থানীয় জনগনের সহায়তায় কুমির উদ্ধারে অভিযান চালায়। কুমিরটির আকার বড় ও জলাধারে পানি বেশী থাকায় উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলটি। এদিকে কুমির উদ্ধার না হওয়ায় আতঙ্কে রয়েছেন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ।
বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে কুমির উদ্ধারে চেষ্টা চলছে।এটি মিঠা পানির কুমির,মাছ খেয়ে জীবন ধারন করে। তাই মানুষের তেমন ক্ষতি করেনা বলে জানিয়েছেন, মৎস্য বিশেষজ্ঞ ও উদ্ধার দলের প্রধান।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস



