সৌদিতে বাংলাদেশি দূতাবাসের বিশেষ সেবা নিশ্চিত হবে: রাষ্ট্রদূত

শোকের মাস আগস্টে সৌদি আরবে বসবাসরত প্রায় ২৩ লক্ষ বাংলাদেশি অভিবাসীদের দূতাবাসের বিশেষ সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রোববার দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বিশেষ কর্মসুচী ঘোষণা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন ১৯৭৫ সালে এই আগস্ট মাসেই নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল বাঙালির স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে ভিশন ২০৪১ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। রাষ্ট্রদূত এই মাসে শোককে শক্তিতে পরিণত করে, দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সৌদি প্রবাসী সকল অভিবাসীদের আহবান জানান এবং প্রবাসীদের যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার অনুরোধ করেন। আগস্ট মাসে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে বলে জানান, রাষ্ট্রদূত।
তিনি বলেন সৌদি আরবে বাসরত প্রায় ২৩ লক্ষ অভিবাসী ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।
এছাড়া এই শোকাবহ আগস্ট মাস জুড়ে প্রবাসীদের জন্য দূতাবাস চত্বরে, কন্সুলার ট্যুরে ও প্রবাসী সেবা কেন্দ্রগুলোতে বিশেষ সেবা প্রদান নিশ্চিত করা হবে। এ সময় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের কালো ব্যাজ পরিয়ে দেয়া হয়। এই মাসে দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা, ওয়েবিনার, কমিউনিটি স্কুলভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, ১৫ আগস্টের বিশেষ অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হবে।
বাংলাটিভি/ তানভীর হাসান



