
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস না কাটতেই পরাশক্তি দলটিকে আরেকবার হারাল বাংলাদেশ। ব্যাটে-বলের অসাধারণ নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ। তাই পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শুক্রবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিতলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
আজ বুধবার অসিদের দেওয়া ১২২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। লড়াই করার আভাস দিয়ে শেষ করতে পারলেন না সাকিব আল হাসান। অভিজ্ঞদের বিদায়ে এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। আফিফ-সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।
বল হাতে আগের ম্যাচের নাসুম এবার সফল হতে পারেননি। ২৯ রান দিয়ে উইকেটহীন ছিলেন তিনি। সর্বোচ্চ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ২৩ রানে তিনটি নিয়েছেন তিনি। দুটি উইকেট নিয়েছেন শরিফুল। একটি করে নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১২১/৭ ( ফিলিপি ১০, ক্যারি ১১, মার্শ ৪৫, ম্যাথু ওয়েড ৪, হেনরিকেস ৪০, মিচেল স্টার্ক ১৩, অ্যাশটন টার্নার ৩, অ্যান্ড্রু টাই ৩; সাকিব ৪-০-২২-১, মেহেদী ৩-০-১২-১, নাসুম ৪-০-২৯-০, শরিফুল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-২৩-৩)।
বাংলাদেশ : ১৮.৪ ওভারে ১২৩/৫ (নাঈম ৯, সৌম্য ০, সাকিব ২৬, মেহেদী ২৩, নুরুল ২২*, আফিফ ৩৭*, মাহমুদউল্লাহ ০ ; হেইজেলউড ৩.৪-০-২১-১, স্টার্ক ৩-০-২৮-১, অ্যাগার ৪-০-১৭-১, জাম্পা ৪-০-২৪ -১, টাই ২-০-১৭-১, মার্শ ১-০-৬-০)।
ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
বাংলাটিভি/নিহান



