স্বাস্থ্যদেশবাংলাবাংলাদেশ

করোনা মোকাবেলায় সীমান্তবর্তী হাসপাতালে সহায়তা করবে সাজেদা ফাউন্ডেশন

সীমান্তবর্তী এবং হটস্পট এলাকায় কোভিড ১৯ সংক্রমন মোকাবেলায় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সাজেদা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন কাম সুপারিনটেনডেন্ট ড. এএসএম মারুফ হাসান এবং পাবনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সালেহ মুহাম্মদ আলী’র কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুসারে, কোভিড ১৯ রোগীদের চিকিৎসা কাজে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ২ মাসের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম, লজিস্টিক সাপোর্ট এবং অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী সরবরাহ করবে সাজেদা ফাউন্ডেশন।

সাজেদা ফাউন্ডেশনের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. তরিকুল ইসলাম বলেন, “কোভিড মহামারী শুরুর দিকে নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালে কোভিড পজিটিভ রোগীদের চিকিৎসা করার মাধ্যমে সাজেদার মেডিকেল টিম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। পাবনা এবং চুয়াডাঙ্গার কোভিড ১৯ চিকিৎসার প্রতিকূলতা মোকাবেলায় আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাব।”

সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবীর বলেন, “আমাদের প্রতি বিশ্বাস রেখে ও সব ধরনের সহায়তা দিয়ে চুয়াডাঙ্গা ও পাবনার কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াবার সুযোগ দেবার জন্য আমাদের অংশীদারদের ধন্যবাদ জানাই। এ ধরনের সম্মিলিত পদক্ষেপ মহামারী মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন প্রয়াত সৈয়দ হুমায়ুন কবির কর্তৃক প্রতিষ্ঠিত একটি অলাভজনক বেসরকারি সংস্থা যেটি সকলের জন্য স্বাস্থ্য এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষে কাজ করছে। বর্তমানে ৬ টি আইসিইউ এবং সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সুবিধাসহ ২৮ শয্যা বিশিষ্ট একটি সেমি ক্রিটিক্যাল কোভিড -১৯ ইউনিট কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালে পরিচালনা করছে।

কোভিড মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য ৬৬ সদস্যের স্বাস্থ্যসেবা দল গঠন করেছে তারা। এছাড়াও ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে এক সমঝোতা অনুযায়ী নারায়ণগঞ্জে আইসিইউ সহ ৫০ শয্যা বিশিষ্ট কোভিড -১৯ ডেডিকেটেড হাসপাতাল পরিচালনা করে ১০২২ জন কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছিল সাজেদা ফাউন্ডেশন।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button