
আশুলিয়ায় নিখোঁজের ১৯ দিনপর, মিন্টু চন্দ্র বর্মন (৩৬) নামে এক অধ্যক্ষ’র খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে র্যাব। উপজেলার বেরন এলাকার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মাটির নিচে পুঁতে রাখা হয় মরদেহটি। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সকালে আশুলিয়ার নরসিংহপুরে, সাভার রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে মরদেহ উদ্ধার অভিযান চালানো হয়।
র্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ১০৬ নম্বর শ্রেণীকক্ষে মিন্টু বর্মনকে মাথায় আঘাত করে হত্যার পর লাশ টুকরো করে খেলার মাঠের কোনায় পুঁতে রাখে তারা। এরপর বিচ্ছিন্ন মাথা নিয়ে ফেলে দেয়া হয় রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায়।
গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হন অধ্যক্ষ মিন্টু। পরে ২২ জুলাই তাঁর ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে টিউশনি করে সংসার চালাতেন এই শিক্ষক।
বাংলাটিভি/নিহান



