আফগান যুদ্ধ শেষ: তালেবান

প্রায় ২০ বছর পর কাবুলে ফিরে আফগান যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের দখল নিয়ে সেখান থেকেই সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন এবার নতুন সরকার গঠন হবে।
গোষ্ঠীটির এক মুখপাত্র বলেছেন, তারা যা চেয়েছিলেন সেই লক্ষ্যে পৌঁছেছেন, দেশের স্বাধীনতা এবং জনগণের মুক্তি। তিনি বলেন, তালেবান মনে করে না বিদেশি বাহিনী আফগানিস্তানে তাদের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাবে।
এর আগে রোববার রাতেই তাজিকিস্তানে পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজেই একটি টুইট করে তিনি জানিয়েছেন, লড়াই থামাতে এবং রক্তস্রোত এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আর তার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টের রাজপ্রাসাদে ঢুকে পড়ে তালেবান বাহিনী। রাজপ্রাসাদ থেকে আফগানিস্তানের পতাকা নামিয়ে দেওয়া হয়। প্রাসাদের কনফারেন্স রুম থেকে তারা সংবাদমাধ্যমকে জানায়, যুদ্ধ শেষ; এবার নতুন ইসলামিক আফগানিস্তান গঠনের প্রক্রিয়া শুরু হবে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হয় তালেবান। গত কয়েক দিনে দ্রুত গতিতে দেশের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রবিবার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে তালেবান নেতারা। তারা রাজধানীর ১১টি ডিস্ট্রিক্ট সেন্টারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।
এরপরই তালেবান মুখপাত্র আফগান যুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে বলেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে।
বাংলাটিভি/ এআর



