তালেবানদের প্রতি যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

আফগান নাগরিকদের জীবন রক্ষার জন্য তালেবানদের অত্যন্ত সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ারও আহ্বান জানান।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান ইস্যুতে এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান তিনি। এছাড়া বৈঠকে নতুন আফগান সরকার গঠনের জন্য আলোচনারও আহ্বান জানানো হয়।
তালেবানরা কাবুল দখল করার পর, আফগানিস্তানের নারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে এ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন সব আফগানের অধিকারকে সম্মান করা হয়।
বৈঠকে সবধরনের শত্রুতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি ১৫ সদস্যের কাউন্সিল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, জঙ্গিবাদের যেকোনো কৌশল তারা প্রতিহত করবে এবং মানবাধিকার যাতে বজায় থাকে, সেদিকেও তারা খেয়াল রাখবেন।
বাংলাটিভি/ এআর



