
বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ।
দেশে টিকা আসার পর এগুলো বিমানবন্দর থেকে সরাসরি স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নিজস্ব স্টোররুমে কঠোর নিরাপত্তায় সংরক্ষণের কথা।
এরপরও কিভাবে এই টিকা ক্লিনিকে গেল, এ প্রশ্নে ইপিআই বলছে, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না।
এবিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে মডার্না টিকা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টা থেকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি। অভিযানে গিয়ে আমরা দেখি, ক্লিনিকে দুই জন টিকা নিচ্ছেন। পরে অভিযানে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়া অভিযোগে প্রতিষ্ঠানটি মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করি।”
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি প্রতি ডোজ টিকা এক হাজার টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কত জনকে টিকা দিয়েছেন এবং কোথা থেকে এই টিকা পেয়েছেন তা জানা দরকার।”
উল্লেখ্য, এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে বলে জানা যায়।
বাংলাটিভি/নিহান



