জাতির পিতাকে হত্যার উদ্দেশ্য সফল করতে দেব না: শেখ হাসিনা

যে উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রকারীরা ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল, সে উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতার অর্জনটা ব্যর্থ হোক। স্বাধীনতার আদর্শগুলো ধ্বংস হোক—সেটাই করতে দেব না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটে সরকারের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘করোনা সংকটে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। আর কিছু দল শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে।’
চন্দ্রিমা উদ্যানে হওয়া ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে বিএনপি মারামারি করল, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই? তারা তো ভালোই জানে। তাহলে এতো নাটক করে কেন?’
তিনি আরো বলেন, “তাঁরা কি দেখেছে কখনও, বা কোনো ছবি দেখেছে কেউ? দেখেনি। কারণ ওখানে কোনো লাশ ছিল না। ওখানে একটা বাক্স আনা হয়েছিল। ওই বাক্সের ফাঁক দিয়ে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা, কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তো তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। এটা কি বিএনপির লোকেরা জানে না।”
বাংলাটিভি/নিহান



