তালেবানের ভয়ে ‘আত্মগোপনে’রয়েছে আফগান নারী ক্রিকেটাররা

তালেবানের ভয়ে ‘আত্মগোপনে’রয়েছে বেশির ভাগ আফগান নারী ক্রিকেটাররা। তাদের মধ্যে আফগান নারী ক্রিকেট দলের আরেক সদস্য এসেলও এখন আত্মগোপনে রয়েছেন।
তবে এসেল তার আসল নাম নয়। তালেবানের ভয়ে নিজের নাম প্রকাশ করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলাও তিনি নিরপদ মনে করছেন না।
বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, কাবুলে তালেবান সদস্যরা এরইমধ্যে নারী ক্রিকেট দলের সদস্যদের খোঁজ করতে শুরু করে দিয়েছে।
এসেল সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, “আমার মত যারাই ক্রিকেট বা অন্য কোনো খেলাধুলায় যুক্ত, তারা কেউ এখন আর নিরাপদ মনে করছে না। কাবুলের পরিস্থিতি এখন মোটেও ভালো না বলেও শংঙ্কা প্রকাশ করেন তিনি”
এসেলদে জানিয়েছে তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। প্রতি রাতে সেখানে তারা নিজেদের সঙ্কটের গভীরতা নিয়ে আলাপ করেন। কী করা উচিত, সে বিষয়ে যে যার পরিকল্পনা বলেন। কিন্তু সবাই ক্রমশ হতাশ হয়ে পড়ছেন তারা।
জানা গেছে তালেবানের ভয়ে নিজের ক্রিকেট খেলার সরঞ্জামগুলো তিনি লুকিয়ে রেখেছেন এসেল।
এর আগে তার দলেরই একজন নারী ক্রিকেটার কীভাবে আক্রমণের শিকার হয়েছেন, সে কথা তিনি বলেছেন বিবিসিকে। যে গ্রামে তারা ক্রিকেট খেলতেন, সেখানে তাদের পরিচিত কিছু লোক এখন তালেবানের সঙ্গে কাজ করে।
এসেল জানান, তালেবান যখন কাবুলের দখল নিল, তখন সেই লোকেরা এসে তাদের শাসিয়ে গেছে, “তোমরা যদি ক্রিকেট খেলার চেষ্টা কর, তাহলে আমরা আবার এসে তোমাদের খুন করে যাব।”
অনেক বছর ধরে আফগান নারী ক্রিকেট দলের সঙ্গে জড়িত আছেন তাকওয়া, এটাও ছদ্মনাম। কাবুলের পতনের পর তিনি অবশ্য পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পরার ভয়ে একটি সপ্তাহ তিনি বারবার স্থান পরিবর্তন করেছেন।



