মার্কিনি বোঝাই বিমান ওড়ার অনুমতি দিচ্ছে না তালেবান

সবশেষ পাঞ্জশির প্রদেশও চলে গেছে তালেবান দখলে। এমতাবস্থায় সেখান থেকে মার্কিন নাগরিকদের ফিরতে বাধা দিচ্ছে তালেবান। এ ঘটনায় এক মার্কিন কংগ্রেস প্রতিনিধি দাবি করেছেন তালেবানদের পণ না দিলে তারা মুক্তি পাবেন না।
মার্কিন সেনাপ্রধান ‘ তালেবান আফগানদের মুক্ত করেছেন ’ দাবি করলেও স্রোতের বিপরীতে বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল। তার দাবি কয়েকশ’ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান।
তিনি জানান, ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকা আনা হচ্ছিল কিন্তু তালেবান বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ম্যাককাউল বলেন, গত কয়েক দিন ধরে এসব বিমানকে আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশকিছু আফগান নাগরিকও রয়েছেন যাদের উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি বলেন, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে গতকাল (রোববার) এসব কথা বলেছেন ম্যাককাউল। তবে কোন কোন দাবিতে তালেবান মার্কিন নাগরিকদের পণবন্দি করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
বাংলাটিভি/ সাকিব



