যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

লেখক অভিজিতের ঘাতকদের তথ্য জানালে ৪২ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ড এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যার গুরুতর আহত হওয়ার ঘটনায় পলাতক দুই ঘাতক সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনসহ জড়িতদের বিষয়ে তথ্য দিলে ৫০ লাখ ডলার, অর্থাৎ ৪২ কোটি ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের আওতায় থাকা ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ (আরএফজে) এই পুরস্কার ঘোষণা করে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করেন।

এর মধ্যে গত ফেব্রুয়ারিতে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনানসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে এখনও পলাতক রয়েছেন জিয়াউল হক ও আকরাম হোসেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button