পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক

সুদানে গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী আবদাল্লাহ্ হামদক। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে এই সিদ্ধান্ত জানান তিনি।
অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হামদককে গৃহবন্দি করেছিল, কিন্তু অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করে নভেম্বরে পদ ফিরে পেয়েছিলেন তিনি।
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ওই চুক্তি প্রত্যাখ্যান করে পুরোপুরি বেসামরিক রাজনৈতিক শাসনের দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখে।
তার পদত্যাগের দিনে খার্তুমে দিনভর বিক্ষোভ হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে ওই বিক্ষোভের সময় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে হামদক বলেন, “সুদান একটি বিপজ্জনক মোড়ে আছে যা এর সম্পূর্ণ অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।”
দেশকে ‘বিপর্যয়ে পড়া’ থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, “যা কিছু করা হয়েছে তার সবকিছু ঐক্যমত্যে পৌঁছানোর জন্য করা সত্ত্বেও সেটি হয়নি। আমি এই দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার পদত্যাগ ঘোষণা করছি আর অন্য কোনো পুরুষ বা নারীকে এই মহান দেশকে ক্রান্তীকালীন সময় পার করে বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণে সাহায্য করার সুযোগ দিচ্ছি।”
২০১৯ সালে সুদানের দীর্ঘদিনের স্বৈরাচার প্রেসিডেন্ট ওমর আল বশির ব্যাপক এক জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান। এরপর দেশকে গণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যেতে বেসামরিক ও সামরিক নেতারা নড়বড়ে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করে দেশ চালাতে থাকেন।
গণতন্ত্রপন্থি সুদান সেন্ট্রাল ডক্টরস কমিটির তথ্য অনুযায়ী, রোববারের দুই জনসহ অভ্যুত্থানের পর থেকে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বাংলাটিভি/ রাপ্পি



