আন্তর্জাতিক

লিসিচ্যাংস্কেও পৌঁছে গেছে রুশ বাহিনী, ওদেসা-চেরকাসিতে ক্ষেপণাস্ত্র হামলা

পূর্ব ইউক্রেইনের লুহানস্ক প্রদেশে কিইভবাহিনীর হাতে থাকা শেষ গুরুত্বপূর্ণ শহর লিসিচ্যাংস্কের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া ও তাদের মদতপুষ্ট বাহিনীগুলো তুমুল আক্রমণ চালাচ্ছে।
মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা লিসিচ্যাংস্কের একাধিক অংশে তাদের অগ্রগতির খবরও দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক সপ্তাহ পর রোববার রুশ বাহিনী ইউক্রেইনের রাজধানী কিইভেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে; মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলাকে ‘বর্বরতা’ বলে অ্যাখ্যা দিয়েছেন।রুশ ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর চেরকাসিতে ও দক্ষিণের ওদেসায়ও আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউক্রেইন।

এর আগে শনিবার লিসিচ্যাংস্কের জমজ শহর সিয়েভিয়ারোদোনেৎস্কের পতন ঘটেছিল। এই দুই শহরের দখল পেলে লুহানস্ক পুরোপুরি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যাবে, এটি ক্রেমলিনের জন্যও বড় ধরনের বিজয় বলে বিবেচিত হবে।

ইউক্রেইনে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযানে’ মস্কো যেসব লক্ষ্য স্থির করেছিল, তার অন্যতম ছিল দনবাসের নিয়ন্ত্রণ নেওয়া। ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ লুহানস্ক ও দোনেৎস্ক মিলেই দনবাস।

মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের এক কর্মকর্তা রোববার বার্তা সংস্থা তাসকে জানান, তারা পাঁচ দিক থেকে লিসিচ্যাংস্কে ঢুকে পড়েছেন এবং ইউক্রেইনের প্রতিরোধ যোদ্ধাদের কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেইনর সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, রুশ বাহিনী কামান ব্যবহার করে লিসিচ্যাংস্ককে দক্ষিণ দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে; বিচ্ছিন্নতাবাদীরা শহরটিতে প্রবেশ করেছে কিনা, সে বিষয়ে কিছু বলেনি তারা। আজ তাদের নতুন তথ্য বিবরণীতে রাশিয়ার বিমান লিসিচ্যাংস্কের কাছে হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button