আন্তর্জাতিক

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট বাংলাদেশসহ ১৪৩ দেশের

ইউক্রেনের চার অঞ্চলকে সীমানাভুক্ত করায় রাশিয়া উপর  নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪৩টি দেশ। তবে ভোটদানে বিরত ছিল ভারত, পাকিস্তান, চীনসহ ৩৫টি দেশ। অন্যদিকে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়ার পাশাপাশি, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া ।

বুধবার (১২ অক্টোবর) আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা পুনর্নিশ্চিত করতে একটি প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘে। এতে সাধারণ পরিষদের তিন-চতুর্থাংশ সদস্যই রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। ইউক্রেনে আক্রমণের পর এটিই ছিল রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ভোট।

বিবিসি বলছে, জাতিসংঘের এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার সংযুক্তিকরণকে স্বীকৃতি না দিতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ দখলদারিত্ব ‘অবিলম্বে প্রত্যাহার’-এর দাবিও করা হয়েছে। এছাড়া এই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর প্রচেষ্টাকে স্বাগত জানানোর কথাও উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যেসব দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘বিশ্বের বক্তব্য হচ্ছে – [রাশিয়ার] সংযুক্তির প্রচেষ্টা মূল্যহীন এবং স্বাধীন দেশগুলো কখনোই তা স্বীকৃতি দেবে না। তিনি আরও বলেছেন, (রাশিয়ার কাছে হাতছাড়া হওয়া) ‘নিজের সমস্ত ভূখণ্ড ফিরিয়ে নেবে’ ইউক্রেন।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button