কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ধরাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানী।
অন্যদিকে কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও রুশ মিসাইল হামলার খবর শোনা যাচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসময়ে ইউক্রেনের উত্তর, পূর্ব ও মধ্য ইউক্রেনীয় এলাকাগুলোর আঞ্চলিক কর্তৃপক্ষও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে।
রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে কিয়েভে ১০ টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনার পর কিয়েভের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া বিস্ফোরণের পর শহরের বেশ কিছু অংশে বৈদ্যুতিক সেবার পাশাপাশি মোবাইল ফোন নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে যায়।
এদিকে খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, তার শহরে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনা’ লক্ষ্য করে আঘাত হানে। এছাড়া জাপোরিঝিয়া এবং চেরকাসি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ান হামলাকারীরা বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
এর আগে অক্টোবর মাসের শুরুতে ইউক্রেনজুড়ে ব্যাপক মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী সেতুতে ভয়াবহ হামলার জবাবে সেসময় পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন শহরে কার্যত মিসাইল বৃষ্টি চালায় রাশিয়া।
ওই ঘটনায় অন্তত ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেক আহত হন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন।
বাংলা টিভি/ হীরা



