বিদ্রোহীদের বর্বরতায় কঙ্গোতে নিহত ২৭২ বেসামরিক

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ২৭২ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। গত সপ্তাহে আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় কিশিশে শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো এই তথ্য জানিয়েছে। কিশিশে শহরে বিদ্রোহীদের হামলায় নিহত বেসামরিক মানুষের সংখ্যা এর আগে ৫০ বলে জানানো হয়েছিল। হত্যাকাণ্ডের হালনাগাদ তথ্যে সেই সংখ্যাই বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনেরও বেশিতে। ৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু বিদ্রোহীদের হামলায় নিহত বেসামরিক মানুষের নতুন সংখ্যা ঘোষণা করেন। এসময় তার সঙ্গে আফ্রিকার এই দেশটির সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়াও উপস্থিত ছিলেন।
এদিন প্যাট্রিক মুয়ায়া বলেন, ‘আমি হামলার বিস্তারিত জানাতে পারছি না। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে একটি তদন্ত শুরু হয়েছে এবং আমরা তদন্তকারীদের ফলাফলের জন্য অপেক্ষা করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যা জানি তা হলো, একটি অ্যাডভেন্টিস্ট চার্চ এবং হাসপাতালে শিশুদের হত্যা করা হয়েছিল।’
আল জাজিরা বলছে, বেসামরিক হত্যাকাণ্ডের এই ঘটনায় এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সহযোগীদের অভিযুক্ত করেছে কঙ্গোর সরকার। তবে বিদ্রোহী গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে। এমনকি বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
বাংলা টিভি/ হীরা



