তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়লেন শি জিনপিং। ৫ বছর মেয়াদে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাও সেতুং এর পরে সব চেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেলেন ৬৯ বছর বয়সী শি। শুক্রবার (১০ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
২০১৮ সালে চীনের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদের প্রচলিত বিধিনিষেধ বাতিল করেন শি জিনপিং। দেশটিতে এর আগে প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার অনুমতি ছিল না।
চীনা পার্লামেন্ট বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) ৩ হাজার সদস্যের ভোটের মাধ্যমে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। এক ঘণ্টার মধ্যে ২ হাজার ৯ শত ৫২ ভোট পেয়ে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন শি।
আগামী ২ দিন ধরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেবেন শি জিনপিং। এর মধ্যে চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ পেতে চলেছেন লি কিয়াং।
এনপিসির নতুন সভাপতি হিসেবে ঝাও লেজি (৬৬) এবং নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হান ঝেং (৬৮) দায়িত্ব গ্রহণ করলেন। তারা উভয়ই ক্ষমতাসীন কমিউনিস্ট দলের শীর্ষ নেতা।



