খ্যাতনামা কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা খ্যাতনামা কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই।
আজ সন্ধ্যায় ৮১ বছর বয়সে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বৃদ্ধি এবং আগে থেকেই সিওপিডি সমস্যা ছিল৷ হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত হাসপাতালের আইসিইউতে থেকেই জীবনের সঙ্গে লড়াই করে হেরে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন সমরেশ। বাংলা সাহিত্যের এই নক্ষত্রপতনের সংবাদে দুই বাংলার বিভিন্ন অঙ্গনে শোক ছড়িয়ে পরেছে।
২০১৮ সালে সমরেশ মজুমদারকে পশ্চিমবঙ্গ সরকার ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে। এছাড়া সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।



