বাংলাদেশ

ইউএস-বাংলার ৩৩০ এয়ারক্রাফটের সফল ফ্লাইট

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০ বছরের যাত্রাপথে রবিবার (৩১ মার্চ) বাংলাদেশের আকাশ পরিবহনে এক যুগান্তকারী ঘটনার স্বাক্ষী হয়ে থাকবে। কারণ এদিন বাংলাদেশ এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন সংযোজিত ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফটের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে গমণ করে এবং পুনরায় বিকাল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দ্রুতগতি সম্পন্ন এয়ারবাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।

চট্টগ্রাম ও ঢাকায় অবতরণ করার সময় উড়োজাহাজে অবস্থানকারী যাত্রীরা করতালির মাধ্যমে ককপিট ক্রুদের অভিনন্দন জানান।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম জানিয়েছেন, এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে খুব শীঘ্রই ইউএস-বাংলার ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া দ্রুততম সময়ে ঢাকা থেকে জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের বেসরকারী বিমান খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে।

আরএস

সংশ্লিষ্ট খবর

Back to top button