ঈদযাত্রার চাপ বাড়ছে রেলস্টেশনে, বাস টার্মিনাল তুলনামূলক ফাঁকা

ঈদের সময় ঘনিয়ে আসায়, রাজধানী ছাড়তে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। দুরপাল্লার রুটের বাস টার্মিনালগুলো থেকে নিজ নিজ জেলার গন্তব্যে যান যাত্রীরা। আর ট্রেনের যাত্রীদের চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। সময়মতো ট্রেন ছাড়ায় সন্তুষ্ট যাত্রীরা।
ঈদ করতে রাজধানী ছেড়ে বাড়ির পথে নগরবাসী। ঢাকার মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের এখনও তেমন ভিড় না থাকলেও, সময়ের সাথে সাথে বাড়ছে। বাস কাউন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করায় সন্তুষ্ট যাত্রীরা। তবে বাস ছাড়তে অনেক সময়ই দেরি হচ্ছে। মূলত টার্মিনালের সামনে রাস্তার ওপরে অনেক বাস দাঁড় করিয়ে রাখায় সেখানে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট।
গত কয়েকদিনের তুলনায় ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। রোববার সকল গন্তব্যের ট্রেন ছেড়েছে প্রায় যথাসময়েই। ট্রেনে যাত্রার স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে যাত্রীরা সন্তোষ জানিয়েছেন। সব ছাপিয়ে সবার চোখেমুখে বাড়ি ফেরার আনন্দ। যাত্রীর চাপ সামাল দিতে, সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
বাংলা টিভি / বুলবুল



