দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে কাতারের আমীর

দু’দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-সানি। আমির ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান বিকেল ৫ টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আমীরের অবতরণের সময় ২১বার তোপধ্বনি করা হয়। কাতারের আমীরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ সময় তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। এরপরে আমীরকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। তাঁকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে কাতারের আমীর প্যারেড পরিদর্শন করেন। আগামীকাল সকালে কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলা টিভি / বুলবুল



