ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করলো তুরস্ক

তুরস্ক জানিয়ে দিয়েছে, গাজার পরিস্থিতি খারাপ হওয়ায় তারা ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখছে।তারা বলেছে,গাজায় যতদিন পর্যন্ত নিরবচ্ছিন্ন মানবিক ত্রাণ দিতে না দেয়া হচ্ছে, ততদিন বাণিজ্য বন্ধ থাকবে।
তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ”ইসরাইলের সঙ্গে সব পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ থাকছে।”
দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাংলাদেশি টাকায় ৭৩ হাজার কোটি টাকারও বেশি।
ইসরায়েলের অভিযোগ
এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন, তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান সমঝোতা ভেঙে ইসরায়েলের সঙ্গে আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়েছেন।
সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, ”এভাবেই একজন ডিক্টেটর কাজ করেন। তুরস্কের মানুষ, ব্যবসায়ীদের স্বার্থ তিনি দেখলেন না। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিও অবহেলা করলেন।”
তিনি বলেছেন, ”ইসরাইল বিকল্প খুঁজে নেবে। অন্য দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়াবে।”
তুরস্ক গতমাসে জানিয়েছিল, তারা ইসরাইল থেকে বাণিজ্যে কাটছাঁট করছে। সেসময় তুরস্কের অভিযোগ ছিল, তাদের বিমান গাজায় মানবিক ত্রাণ দিতে গিয়েছিল। ইসরায়েল তা করতে দেয়নি।
সম্পর্ক খারাপ হয়েছে
তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ সমাবেশ হচ্ছে।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কঠোর ভাষায় নিন্দা করেছে তুরস্ক। এর্দোয়ান ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ পর্যন্ত বলেছেন। ডয়চে ভেলে
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



