দক্ষিণে উত্তর কোরিয়ার আরও আবর্জনা বেলুন

দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী আরও ৬০০ বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, সিউলকে বিরক্ত করতেই এমন পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং।
জয়েন্ট চিফস অফ স্টাফ জানান, রাজধানীজুড়ে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ময়লার ব্যাগ বহনকারী এসব বেলুন পাওয়া গেছে।
ময়লার ব্যাগে সিগারেটের বাট, কাগজের বর্জ্য, কাপড় ও প্লাস্টিকের মতো আবর্জনা পাওয়া গেছে এবং বেলুনের নিচে এসব ময়লা ভর্তি ব্যাগ বাধা ছিল বলেও জানান জয়েন্ট চিফস অফ স্টাফ।
এরই মধ্যে দেশটির গিয়াংসাং ও গ্যাংওয়ান প্রদেশ এবং সিউলের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসব বেলুনের সংস্পর্শে না আসতে জনগণকে সতর্ক করা হয়েছে। বেলুন দেখামাত্র পুলিশকে জানানোর অনুরোধও করা হয়েছে।
সিউল জানিয়েছে, বেলুনগুলোর সূচনা পয়েন্ট পর্যবেক্ষণ করছে তাদের সামরিক বাহিনী। এছাড়া বেলুনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ ও এগুলো সংগ্রহে উদ্ধার কাজও চলছে।
গত বুধবারও দক্ষিণের সীমান্তজুড়ে ময়লা ও মলমূত্র বহনকারী শতশত বেলুন পাঠায় উত্তর কোরিয়া। তাদের এই পদক্ষেপকে বিপজ্জনক বলে অভিহিত করেছে সিউল।
রোববার সিঙ্গাপুরে শাংগ্রি-লা নিরাপত্তা সংলাপের ফাঁকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক। বেলুনগুলো পাঠিয়ে উত্তর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে লয়েডকে জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার এসব আবর্জনা বেলুনের জবাব দিতে রোববার বিকেলে বৈঠকে বসছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী কমিটি।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



