নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় এক সমর্থকও নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারণা সভায় এ হামলা চালানো হয়। সমাবেশে ভিডিওতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এসময় হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে তিনি মঞ্চে বসে পড়েন। এ সময় তাঁর সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।
প্রত্যক্ষদর্শী ও সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয়। গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তাঁর ডান কান চেপে ধরেন। দ্রুত ছুটে আসেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলা হয়। এসময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়।
সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এক্সে পোস্ট করা মন্তব্যে সিক্রেট সার্ভিস বলেছে, সাবেক প্রেসিডেন্ট এখন নিরাপদে আছেন।
বাংলা টিভি / বুলবুল



