বাংলাদেশ

ইসলামী ব্যাংকে গোলাগুলি, তিন কর্মকর্তা গুলিবিদ্ধ

ঢাকার দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার হামলা ও গোলাগুলির খবর পাওয়া গেছে।

ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘বহিরাগত’দের হামলায় ব্যাংকটির তিনজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে মোট পাঁচজন আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন।

ব্যাংকটির প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা  জানান, “অনিয়ম করে ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে রোববার সকালে বিক্ষোভ শুরু করলে এস আলম গ্রুপের কিছু কর্মকর্তাসহ একটি গ্রুপ অস্ত্র নিয়ে ব্যাংকটিতে প্রবেশের চেষ্টা করেন।”

এসময় তাদের প্রবেশে বাধা দিলে তারা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করেন। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে এক পর্যায়ে তারা পালিয়ে যায়।

এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ডসহ তিনজন গুলিবিদ্ধ হন। আহত হন আরো দুইজন।

এর আগে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গত মঙ্গলবার থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা দেখা দেয়।

বলা হচ্ছে, ব্যাংকটিকে আবারও জামায়াতে ইসলামী নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছে।

বিষয়টি নিয়ে মতিঝিল থানায় যোগাযোগ করা হলে সেখানকার ডিউটি অফিসার জানিয়েছেন, তারা এখনো বিষয়টি সম্পর্কে জানেন না।

সংশ্লিষ্ট খবর

Back to top button