এদেশে একক কর্তৃত্ববাদের রাজনীতির জায়গা হবে না: বিএনপি নেতা সালাউদ্দিন

গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
নয় বছর পর রোববার বিকেলে ভারত থেকে ফিরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সেখানে মোনাজাত শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি প্রায় নয় বছরের বেশি সময় নির্বাসনে থেকে আপনাদের মাঝে আসতে পেরেছি। প্রথমেই এ দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে।’
তিনি বলেন, ‘এই স্বাধীনতাকে এই বিজয়কে আমাদের অর্থবহ করতে হবে। এ দেশের সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলো সুন্দরভাবে সংস্কার করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এ দেশের জনগণকে উপহার দিতে হবে। এ দেশের জনগণ যেন স্বাধীনতা, গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাব, আপনারা ধৈর্য্য ধরুন, শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার ধৈর্য্য ধারণ করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা। সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং সব গোষ্ঠীর সব ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবাইকে সমভাবে যেন সমদৃষ্টিতে দেখি এবং এ দেশের সবাইকে আমরা যেন বাংলাদেশি হিসেবে দেখি।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একাবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটা নজিরবিহীন ছাত্র-জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক ও আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। যদি আমরা আইনের শাসন কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে পারি, তাহলেই ১৮ কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে।’



