
৫ই আগস্টের পর জেলায় নতুন অনেক জাতীয়তাবাদী দলের কর্মীর জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারতের মদদপুষ্ট হয়ে আওয়ামী লীগ সরকার এই দেশকে নির্মমভাবে শাসন করেছে। ৪০ লক্ষ মামলা হয়েছিল বিএনপির নেতাকর্মীদের নামে। লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারে নাই। বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হানা দিয়েছে, আটক করেছে, নির্যাতন করেছে।
বাবু বলেন, হামলা-মামলা থেকে বাঁচতে নেতাকর্মীরা বাঁশের ঝাড়ে, ধানের মাঠে রাত কাটিয়েছেন। সেই সব জনতাই আজকের এই সভায় এসেছেন। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নতুন করে কিছু লোক, যারা বিগত দিনের আন্দোলনে ছিল না, তারা এখন দলের ব্যানার ঝুলিয়ে আগামী নির্বাচনের জন্য দোয়া চাচ্ছেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর যারা আন্দোলনে ছিলেন, তাদের ভিডিও আছে, আমরা তাদের চিনি। কিন্তু যারা বিএনপির কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে, যাদের নামই শোনে নাই কেউ, তারা বিএনপির পোস্টার দিয়ে লিখতেছে ‘আগামী নির্বাচনের নমিনেশন প্রার্থী’। কিন্তু এটা মেনে নেয়া হবে না। এসেই গরম ভাত পাওয়া যায় না।
এসময়, দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান জেলা বিএনপির এই প্রবীণ নেতা।
সভায় উপস্তিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ও জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান রুমানসহ অনেকে।
এসআর



