আইন-বিচারঅপরাধ

বাসে বোমা মারার ঘটনায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮ যাত্রীকে জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। ‌সেই সা‌থে তি‌নি পৌর আওয়‌ামী লী‌গের ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি চাঁন্দিশকরা মুন্সি বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী একটি নৈশকোর্সে পেট্রোল বোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় ১১৬ নম্বর আসামি করা হয় আবদুল হালিমকে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, মামলার পর থেকে আবদুল হালিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button