অপারেশন ডেভিল হান্ট: তৃতীয় দিনে দেশে আটক ১১৭

অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারাদেশে ১১৭ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরেই ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় ৭, টঙ্গী পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯, পুবাইল থানায় ২জনসহ অন্যান্য থানায় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এনিয়ে গত তিন দিনে গাজীপুরে ২৬৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।
এছাড়া, রংপুরে গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে ৩ এবং বিভাগের আট জেলা থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩ ঠাকুরগাঁওয়ে ৬ এবং রংপুরে ২ ও লালমনিরহাট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল ছয়টা থেকে অভিযান চালিয়ে আজ (মঙ্গলবার) সকাল ছয়টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিন দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ৬৮ জনকে গ্রেফতার করা হলো। এছাড়া পাবনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুরে ৮১ জন গ্রেফতার
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আট থানায় ৬৯ ও জেলার পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলা পুলিশ ও মহানগর পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আটকরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের ৮টি থানায় অপারেশনের তৃতীয় দিনে ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯ ও পুবাইল থানায় ২ জনসহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে তিনদিনে মোট ১৪৮ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সোমবার রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। আটকরা বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



