তৃতীয় দফায় শতাধিক ভারতীয়কে বের করে দিলো যুক্তরাষ্ট্র

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অবৈধভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ১১২ ভারতীয়কে উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বিতাড়িতদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, দুইজন করে উত্তরপ্রদেশের, একজন করে হিমাচল ও উত্তরাখণ্ডের।
এর আগে প্রথম দফায় গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। গত শনিবার দ্বিতীয় দফায় ১১৬ ভারতীয়কে ফেরত পাঠানো হয়। তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তবে সবশেষ তৃতীয় দফায় পাঠানো ভারতীয়দের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছে কিনা এখনো জানা যায়নি।
ভারতীয়দের এভাবে অপমান করে ফেরত পাঠানো নিয়ে দেশটির রাজনীতিতে আলোচনা তুঙ্গে। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয় সাথে দুর্ব্যবহার না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কেন্দ্রীয় সরকার।



