একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে : আসিফ মাহমুদ

রোববার (১ ফেব্রুয়ারি) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের অবস্থান পরিষ্কার করেন।
আসিফ মাহমুদ জানান, ফলাফল আগে থেকেই নির্ধারিত এমন কোনো ‘বিতর্কিত’ নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ১১ দলীয় জোট যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। জোটের দলগুলোর মধ্যে এ বিষয়ে একটি অভিন্ন বোঝাপড়া রয়েছে।
বিএনপিকে ইঙ্গিত করে সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, বর্তমানে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং জামায়াত নেতা হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো জোট ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছে।
মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একটি আদর্শ নির্বাচনের জন্য যতটুকু সক্ষমতা প্রয়োজন, কমিশনের মধ্যে তার অভাব রয়েছে।
গণভোটে আওয়ামী লীগের ‘না’ ভোটের প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ প্রায় সব বড় দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। জরিপ অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট বিপুল ব্যবধানে এগিয়ে আছে, যা সংস্কার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের মন্তব্যের প্রেক্ষিতে আসিফ মাহমুদ কঠোর সমালোচনা করে বলেন, যারা দিল্লির সাথে আঁতাত করে রাজনীতি করে, তাদের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে কোনো গুরুত্ব বহন করে না।



