ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: এ্যানি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন এ্যানি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর একটি সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ পুরো সময়জুড়েই বজায় থাকবে।
তিনি আরও বলেন, এই ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে জনগণ যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে এবং লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে—সেই প্রত্যাশা তার।
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াতের রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ১২১ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ৪৯৬টি।



