Uncategorized

নির্ভুল তথ্যের ভিত্তিতেই বাস্তবায়ন হবে ফ্যামিলি কার্ড কর্মসূচি:  চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতেই চট্টগ্রামে ‘ফ্যামিলি কার্ড’কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কোনো প্রকৃত দাবিদার যেন বাদ না পড়েন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিসি জাহিদ জানান, দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হবে।

তিনি বলেন, নির্বাচিত ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে একটি বাস্তবসম্মত ও নির্ভুল তালিকা প্রস্তুত করা যায়। বিশেষ করে অসহায় ও অতি দরিদ্র নারীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, রাজনৈতিক দল–মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। একটি সঠিক তালিকা প্রণয়নে প্রশাসন বদ্ধপরিকর।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি জানান, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে একটি নির্ধারিত কমিটি কাজ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নীতিমালা কার্যকর ও নির্ভুলভাবে বাস্তবায়ন করা যায়।

মনিটরিং প্রসঙ্গে ডিসি জাহিদ বলেন, ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো যোগ্য নারী বাদ না পড়েন।

এ বিষয়ে  সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর সঙ্গে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত আরও সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button