দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ জন ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধাবস্থা শুরু থেকে গত পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলো।
ফ্লাইট ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলো। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার পরিজন চরম উৎকণ্ঠায় সময় পার করছিলো। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।
একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি ক্রমে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।
ওএফ



