Uncategorized

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও ভিসা সংক্রান্ত নানা জটিলতার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অনেক প্রবাসী নিজ দেশে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন।

 

এ পরিস্থিতিতে যাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শারজাহ ও আবুধাবি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

 

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চারদিন – শুক্রবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার – ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে এবং শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

 

অন্যদিকে ১৪ মার্চ থেকে সপ্তাহে তিনদিন –  শনিবার, সোমবার ও বৃহস্পতিবার – ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। শনিবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা থেকে সরাসরি আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া প্রতি সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

 

আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে বলে জানানো হয়েছে।

 

শারজাহ ও আবুধাবি রুটে ১৮৯ আসনের Boeing 737-800 উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৪৩৬ আসনের তিনটি Airbus A330-300 এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

 

উল্লেখ্য, ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ গন্তব্য জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।

 

টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button